দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন হাতিয়া উপজেলার শূণ্যের চর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৫) এবং সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিন এলাকার রফিক উল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার (১৭ জুলাই) রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১২ জুলাই রাত ১০টার দিকে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিডিনিউজ ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর মোটরসাইকেল চুরি হয়। পরদিন তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন। এর প্রায় দুই মাস আগে সোনাপুর এলাকা থেকে জয়দেব নামে এক ব্যক্তির মোটরসাইকেলও চুরি হয়েছিল।
পুলিশের ভাষ্য, শুক্রবার চক্রের সদস্য ফয়সাল জয়দেবের মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা নেন। টাকা পাওয়ার পরও মোটরসাইকেল ফেরত দিতে গড়িমসি করলে জয়দেব ও তাঁর বন্ধুরা আরও টাকা দেওয়ার কথা বলে কৌশলে ফয়সাল ও জাহাঙ্গীরকে ঘটনাস্থলে ডেকে আনেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় ফয়সাল ও জাহাঙ্গীরের কাছ থেকে প্রথমে আবু নাছের মঞ্জুর মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই জয়দেবের মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। চক্রটি দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় পাচার করে আসছে। সম্প্রতি নোয়াখালী থেকেও তারা আরও কয়েকটি মোটরসাইকেল চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে।’
তিনি আরও জানান, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাঁদের আদালতে পাঠানো হবে।
এমএম/